আসন্ন নির্বাচন উপলক্ষ্যে খাগড়াছড়ি ৩২ বিজিবি সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন
খাগড়াছড়ি প্রতিনিধি।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮নং আসন এবং ২৯৯নং সংসদীয় আসনের আংশিক অংশে নিরাপত্তায় ৩২ বিজিবি ডিউটি মোতায়েন ও সার্বিক পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন। সোমবার দুপুরে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ ছাউনি’তে বিজিবি সদর দপ্তরের আয়োজনে সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল মোত্তাকিম সাংবাদিকদের নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি ভুমিকা তুলে ধরেন।
এসময় তিনি বলেন, নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সেক্টর সদর দপ্তরে এবং ব্যাটালিয়ন সমূহের বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল পরিচালনা, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের পাশাপাশি যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও গ্রেফতার কার্যক্রম পরিচালনা করবে যাতে কোনো মহল নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।
সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে অর্পিত দায়িত্ব বলিষ্ঠভাবে পালন করে যাবে।
সকল প্রার্থী এবং ভোটারদের নিরাপত্তায় নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য বিজিবি তার সর্বশক্তি প্রয়োগ করবে।
এতে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্ণেল কামরান কবির সহ উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































